শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ফরিদপুরে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুরের ৪টি আসনে শান্তিপূর্ণ ভাবে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের উপস্থিতি কমে যায়। সকাল ৯টার দিকে সদর-৩ আসনে বেশীর ভাগ ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটারদের কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি তত কমছে। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সদর আসনে কানাইপুর ইউনিয়নে একটি কেন্দ্রে হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া বাকী তিনটি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট চলছে।

সকাল নয়টায় ফরিদপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক আলীপুর খাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। অপর দিকে এ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ সকাল নয়টায় হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। 

এদিকে, ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো: আব্দুর রহমান তার নিজ কেন্দ্র কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। 

এদিকে, ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থী, সভাপতি মণ্ডলীর সদস্য এবং দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ তার নিজ এলাকা কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট প্রদান করেন। এরপর তিনি সারা দেশের ভোটের বিষয়ে বলেন, যতটুকু জেনেছি সারা দেশে শান্তিপূর্ণ ভোট শুরু হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ তার গণতন্ত্রের অধিকার এবং ভোটের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়। একটি আবাদ, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি আশাবাদী সারাদিন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট শেষ হবে। বিএনপির বিষয়ে তিনি বলেন, রাজনীতি করলে সেই বিবেচনায় অবশ্যই তাদের ভোটে আসতে হবে। মানুষের কাছে না যেতে পারলে, ভোট না দিতে পারলে নেতাকর্মীরা হতাশ হয়ে যাচ্ছে। সবশেষে তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।

অপরদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার, বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন সকাল ৮টায় ভোট দিয়েছেন তার নিজ এলাকার আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি এবারের নির্বাচনে ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোট দিয়ে তিনি বলেন, গত যে কয়দিন গেছে সে বিষয়ে আর বলব না। তবে এখন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এভাবে ভোট চলতে থাকলে আমার বিজয় সুনিশ্চিত। আমি গত করোনার সময় এবং তিনটি উপজেলার উন্নয়নে সব সময় জনগণের সাথে ছিলাম। আর একজন আছেন তিনি কখনো এলাকায় আসেন নাই। আর তাই এই তিন থানার জনগণ আমাকে শতভাগ বিজয় করবে। আমি হেভীওয়েট প্রার্থী বলতে কিছু জানিনা। আমি এসব হেভীওয়েট প্রার্থী মানি না। 

সর্বশেষ দুপুর ১টায় ফরিদপুর-৪ আসনের আজিমনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে ৭শ ৭৮টি। মোট ভোটার সংখ্যা ১৬৪৮টি। আর একটি কেন্দ্র ঘারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট সংখ্যা ২৮২৭জন। এর মধ্যে এই কেন্দ্রে ১টার সময় পর্যন্ত ১১শ ভোট পড়েছে।

প্রতিটি ভোট কেন্দ্রেই আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ফরিদপুরের চারটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ২১ জন এর মধ্যে ফরিদপুর-১ আসনে ৫ জন, ফরিদপুর-২ আসনে ৩ জন, ফরিদপুর-৩ আসনে ৬ এবং ফরিদপুর-৪ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত