'সবচেয়ে প্রিয়' টেস্ট চার ম্যাচ খেলেই অবসরে ক্লাসেন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে সাদা বলের ফরম্যাটে প্রোটিয়াদের হয়ে খেলবেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে ক্লাসেন নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে এর কারণ জানিয়ে বলেছেন সিদ্ধান্তটা কঠিন ছিল।

সেখানে ক্লাসেন বলেছেন, 'কয়েক রাত নিদ্রাহীন থাকার পর আমি লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি কঠিন সিদ্ধান্ত যা আমি নিয়েছি কারণ এটি এখন পর্যন্ত খেলা আমার প্রিয় ফরম্যাট।'

ক্লাসেন যোগ করেন, 'মাঠে ও মাঠের বাইরে আমি যে লড়াইয়ের মুখোমুখি হয়েছি তা আমাকে আজকের ক্রিকেটার করে তুলেছে।'

টেস্ট ক্যাপটা তার কাছে মূল্যবান উল্লেখ করে বলেছেন, 'এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল এবং আমি খুশি যে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারতাম। আমার ব্যাগি টেস্ট ক্যাপটি আমার হাতে থাকা সবচেয়ে মূল্যবান ক্যাপ।'

সীমিত ওভারের ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফর্ম করা ক্লাসেন তার ক্যারিয়ারে চারটি টেস্ট খেলেছেন। ২০১৯ সালে রাঁচিতে ভারতের বিপক্ষে অভিষেক এবং ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। চার ম্যাচে ১৩ গড়ে ১০৪ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সর্বোচ্চ রান ছিল ৩৫।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত