আগামী ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারির সমাবেশে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। তাকে ভারত রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন।
এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ।
বিএনপি জামায়াত এবারও ব্যর্থ হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বার বার নির্বাচন বর্জন করে আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া করণীয় নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন। মিথ্যাচার তাদের করুণ পরিণয়ের জন্য দায়ী।