অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পার্বত্য দেশ ভুটানে আজ সাধারণ নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, প্রবৃদ্ধিও চেয়ে ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’কে অগ্রাধিকার দেয়ার দীর্ঘস্থায়ী নীতিকে প্রশ্নবিদ্ধ করে এবার দলগুলো গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছে।
প্রাথমিক রাউন্ডে বিজয়ী পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) ও প্রধান প্রতিদ্বন্দ্বী ভুটান টেনড্রেল পার্টি (বিটিপি) আজ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ভোটে অংশ নিচ্ছে।
ভুটানের আট লাখ মানুষের মধ্যে ভোটারের সংখ্যা পাঁচ লাখ। আজ এই ভোটাররা প্রাথমিক ভোটের দুই শীর্ষ দলের ৯৪ প্রার্থীর মধ্য থেকে ৪৭ প্রার্থীকে পার্লামেন্ট সদস্য হিসেবে বেছে নেবেন।
২০২৩ এর ২৯ নভেম্বর প্রথম পর্যায়ের নির্বাচনে অংশ নেয়া পাঁচটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন দল ও তাদের সাবেক বিরোধী দল বাদ পড়ে যায়।
রাজধানী থিম্পুতে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ঠাণ্ডা বাতাসের মাঝে ভোটকেন্দ্রগুলোতে মাত্র অল্প কয়েকজন ভোটার দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন এএফপির সাংবাদিক।
আজ স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত ভোটকেন্দ্রগুলো খোলা থাকবে। ধারণা করা হচ্ছে, আগামীকাল বুধবার নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
করোনাভাইরাস মহামারির পর থেকেই অর্থনৈতিক সমস্যায় ভুগছে ভুটান। কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বাড়ছে বেকারত্বের হার এবং অনেকেই দেশ ছেড়ে বিদেশের পথে পাড়ি জমাচ্ছেন।
কিন্তু দেশটিতে অর্থনৈতিক সমৃদ্ধির প্রচলিত মাপকাঠি মোট দেশজ সুখ-সমৃদ্ধি (জিএনএইচ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস) নিয়ে উঠছে অনেক প্রশ্ন।
বিশ্বব্যাংকের মতে, ভুটানের যুব বেকারত্বের হার ২৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি গত পাঁচ বছরে গড়ে ১.৭ শতাংশে উন্নীত হয়েছে।
