আফগান ক্রিকেটে কিছুদিন ধরেই চলছিল বোর্ড আর তিন নামী ক্রিকেটারের মধ্যে কর্তৃত্বের লড়াই। সে লড়াইয়ে তিন ক্রিকেটার মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, ও নাভিন-উল-হক হার মেনেছেন আগেই। এবার আফগান ক্রিকেট বোর্ডও নমনীয় হলো। সতর্কতা জারি ও বেতন কাটার শাস্তির বদলে এ ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ওপর আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এক বিবৃতির মাধ্যমে এসিবি জানিয়েছে, তিনজনকেই চূড়ান্ত সতর্কবার্তা ও মাসিক আয় কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তি দেওয়া হয়েছে। জাতীয় দায়িত্ব ও এসিবির লাভের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি কঠিনভাবে বিবেচনা করা হবে। এছাড়া পারফরম্যান্স ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করে এসিবি এই খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার কথা ভাববে।
এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ জানিয়েছেন, ‘আফগান ক্রিকেটে খেলোয়াড়দের অবদানের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। খেলোয়াড়েরা নিঃসন্দেহে দলের সাফল্যে অবদান রেখেছে এবং সর্বোচ্চ মূল্যবোধের সঙ্গে এই জাতিকে প্রতিনিধিত্ব করেছে।’
তিনজনই এসিবির কাছে শর্তছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করার ব্যাপারে সর্বোচ্চ আগ্রহের কথা জানিয়েছে। তারপরই এসিবি এ সিদ্ধান্ত নিল।
