বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের করা মন্তব্য নিয়ে চিন্তিত নয় সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন নিয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। জনগণ রায় দিয়েছে এবং অন্যান্য দেশ আমাদের সপক্ষে–যারা এসেছে তারা সবাই বলেছে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও সংঘাতবিহীন নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদও দিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা খুব খুশি যে একটা অবাধ, সুষ্ঠু ও সংঘাতবিহীন নির্বাচন করেছি। জনগণ রায় দিয়েছে। এটি যথেষ্ট। আমাদের আর কিছু দরকার নেই। জনগণ নির্বাচনে গেছে প্রতিকূল পরিবেশে– এটিই বড় কথা। ভোট দেওয়ার অধিকার জনগণ আবার প্রতিষ্ঠা করেছে।’
গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। আর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বিবৃতিতে বলেছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি।
