মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রাকভর্তি ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া খানবাড়ি এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত মাওয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। এসময় ভোলা থেকে জাটকাবোঝাই একটি ট্রাক রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে জাটকা জব্দ করে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়। পরে জব্দ করা জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
