বগুড়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় ইজিবাইক চালক বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুরের পর অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ী এলাকার সাইদুল ইসলাম প্রামাণিক এবং তার ছেলে রিমন প্রামানিক ওরফে ইমন।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, গতকাল ট্রাফিক বিভাগের কনস্টেবল মিলন শহরের সাতমাথা এলাকায় এলজি শো-রুমের সামনে রাস্তায় যানজট নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এ সময় চালক রিমন একটি অটোরিকশা রাস্তায় দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠাচ্ছিল। তখন কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মিলন অটোরিকশাটিকে সরিয়ে নিতে বললে চালক রিমন উত্তেজিত হয়ে ওঠে এবং তার সাথে বাকবিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে মিলনকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে। বাম হাতে, বাম পায়ে হাঁটুর নিচে ও বাম কাঁধে জখম করে। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় রিমন ও তার বাবাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি বাবা-ছেলেকে আজ আদালতে পাঠানো হয়েছে।
