মণিপুরের থাউবাল জেলা থেকে রবিবার (১৪ জানুয়ারি) শুরু হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিন কুয়াশার কারণে রাহুল এবং কংগ্রেস নেতাদের দিল্লি থেকে মণিপুরগামী বিশেষ বিমান নির্ধারিত সময় নামতে পারেনি। ফলে যাত্রার সূচনা অনুষ্ঠান কিছু সময়ের জন্য পেছাতে হয়।
যাত্রার সূচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়েগ। তিনি রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেন। ভাষণে খাড়েগ বলেন, দেশে একটি স্বৈরাচারী শক্তির উত্থান ঘটেছে। এই পরিস্থিতির মোকাবিলায় সংবিধান বাঁচাতে কংগ্রেসের এই অভিযান। রাহুল যাত্রার প্রথম দিনে ১০ কিলোমিটার পথ হেঁটেছেন। আজ রাতে তিনি থাউবালে থাকবেন। আগামীকাল সোমবার সেখান থেকে বাসে নাগাল্যান্ড পৌঁছাবেন।
ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে রাহুল ৬৬ দিনের মাথার মুম্বাই পৌঁছাবেন। এবার মোট ৬৭০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। তবে বেশিরভাগ অংশই যাবেন বাসে। রাহুলের এবারের যাত্রার নাম এবং রুট বদল হয়েছে, কিন্তু পোশাকের পরিবর্তন হয়নি। রাহুল আগের বারের মতোই সাদা টি শার্ট এবং কালো রংয়ের প্যান্ট পরে হাঁটছেন।
এই পর্বে রাহুল উত্তর-পূর্ব ভারতের পর পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড হয়ে এগোবেন। বাংলায় পাঁচ দিনে সাতটি জেলায় যাবেন তিনি। জেলাপ্রতি একটি সভায় ভাষণ দেবেন।
মণিপুরে রবিবার বড় জমায়েত করার সুযোগ ছিল না। আইন-শৃঙ্খলার কারণে পুলিশ তিন হাজারের বেশি লোকের জমায়েত অনুমোদন করেনি। গত বছরের ৩ মে থেকে মণিপুর জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত। মেইতেই ও কুকিরা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত। এই পরিস্থিতিতে রাহুলের রবিবারের সভা ছিল মেইতেই বহুল এলাকায়। সোমবার নাগাল্যান্ডে প্রবেশের আগে রাহুল সভা করবেন কুকি বহুল জেলা কাঙপক্খপিতে।
