গফরগাঁওয়ে দিনদুপুরে চিকিৎসককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে হোমিও চিকিৎসক ডা. হারুনকে(৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই এলাকার রুবেলের বিরুদ্ধে (৩৫)। তাকে হত্যার পর বাড়িতে ফিরে রুবেল তার মাকেও কুপিয়ে জখম করেছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপরে এ ঘটনা ঘটেছে। 
   
রুবেল ওই এলাকার পল্লী চিকিৎসক ডা. শাহাবুদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকার লোকজন  উত্তেজিত হয়ে রুবেলের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যার সঙ্গে জড়িত রুবেলকে গ্রেপ্তার করে।

জানা গেছে, সোমবার দুপুরে ড. হারুন উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে নিজের হোমিও ক্লিনিকে যাওয়ার জন্য বের হন। ক্লিনিকে যাওয়ার পথে পুরাতন সিনেমা হলের সামনে পৌঁছালে রুবেল ডাক্তারকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে হারুনকে মৃত অবস্থায় পায়।

এদিকে রুবেল বাড়িতে ফিরে তার মা বিউটি বেগমকে কুপিয়ে আহত করে। পরে একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। স্বজনেরা বিউটি বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে ডা. হারুনের হত্যার সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জনতার উত্তেজিত ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে জনতারা রুবেলের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত