পৌষ সংক্রান্তি উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা কালি মন্দিরের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, চন্দ্রখোলা গ্রামে পৌষ সংক্রান্তি দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরুর দৌড় ও ৪ দিনব্যাপী গ্রাম্য মেলার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়।
জেলার বিভিন্ন স্থান থেকে নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেঁড়া প্রতিযোগিতা দেখতে আসে। দুপুরের আগেই মাঠের চারপাশ ভরে ওঠে। খেলাকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলাও বসে। সেখানেও ভিড় দেখা যায়।
স্কুল শিক্ষক সুজন ইসলাম বলেন, মেলা উপলক্ষে কয়েকদিন আগ থেকে আশপাশের বাড়িগুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। তাদের জন্য পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
