২০০১ সাল থেকে মানবকল্যাণমূলক সংগঠন খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন (কেএমআরএফ) সিরাজগঞ্জে বৃত্তিপ্রদান অনুষ্ঠান করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি (শনিবার) শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃত্তিপ্রদান অনুষ্ঠান।
এ আয়োজনে সিরাজগঞ্জ জেলার ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
জেলা প্রশাসক মীর মোহম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী এবং শাহজাদপুর থানার ওসি মো. খায়রুল বাসার।
ফাউন্ডেশনের উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুইয়া রোমেলের তত্ত্বাবধানে এদিন অনুষ্ঠানে বৃত্তিপ্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রয়েছে। এতে অংশগ্রহণ করবেন স্কুলের ছাত্রছাত্রী এবং দেশবরেণ্য তারকা শিল্পীরা।
কেএমআরএফ’র সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান জানান, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরও দুটি মানবকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছে দেশজুড়ে। এর মধ্যে রয়েছে ঢাকার শ্যামলী ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরীর (র.) এর কর্মক্ষম ভক্তদের মাঝে এককালীন মূলধন প্রদান।
