মানবাধিকারকর্মী এবং শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে (৫১) আরও ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত।
এরই মধ্যে বিভিন্ন অভিযোগে মোট ১২ বছরের সাজা হয়েছে কারাগারে থাকা নার্গিসের। এর সঙ্গে আরও ১৫ মাস সাজা যোগ হলো। নার্গিসের বিরুদ্ধে অভিযোগ, কারাগারে থেকে ইসলামি শাসনতন্ত্রের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন তিনি। রায় ঘোষণার সময় নার্গিস আদালতে উপস্থিত ছিলেন না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নার্গিস মোহাম্মাদি দেশের বিরুদ্ধে অপপ্রচার ছড়িয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। তিনি কারাগারে থাকা অবস্থায় এ অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ সরকারের। তার পরিবার এই রায়ের নিন্দা জানিয়ে বলেছে, ২০২১ সালের মার্চ থেকে এনিয়ে তাকে পঞ্চম মামলায় দোষী সাব্যস্ত করা হলো।
নার্গিস মোহাম্মাদিকে বর্তমানে তেহরানের আলোচিত এভিন কারাগারে রাখা হয়েছে। তবে নতুন সাজায় বলা হয়েছে, কারাভোগের পাশাপাশি তাকে দুই বছরের জন্য তেহরানের বাইরে থাকতে হবে।
আদালতের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে নার্গিসের পরিবার। ২০২১ সালের মার্চ থেকে এখন পর্যন্ত তাকে পাঁচবার কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান স্বজনরা। ২০২৩ সালে শান্তিতে নোবেল পান নার্গিস মোহাম্মাদি। কারাবন্দি থাকায় পুরস্কার গ্রহণ করতে নিজে যেতে পারেননি তিনি। সেসময় নরওয়ের রাজধানী অসলোর সিটি হলে নার্গিসের পক্ষে নোবেল গ্রহণ করেন তার সন্তানরা।
