কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিন্ধুরমতি গ্রাম থেকে বিপন্ন প্রজাতির মদনটাক (হারগিলা) নামের একটি পাখি আহত অবস্থা উদ্ধার করেছে বনবিভাগ। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্টগ্রামের শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙুনিয়ায় পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে পাখিটিকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়।
এর আগে গতকাল সোমবার দুপুরে বনবিভাগের আওতায় কুড়িগ্রামের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক সদস্য মো. আব্দুর রশিদ, সাইদ ও জুয়েল রানা আহত মদনটাক পাখিটির খবর পেয়ে সিন্ধুরমতি গ্রামে যান। সেখান স্থানীয় রতন নামের একজনের বাড়ি থেকে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসেন তারা। পাখিটির একটি ডানা ভাঙা ছিল। পরে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে ভেটিনারি চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে আজ পাখিটিকে অবমুক্তের উদ্দেশ্যে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করে বনবিভাগ।
গ্রীন ভিলেজ প্রতিষ্ঠাতা মো. আব্দুর রশিদ বলেন, আহত মদনটাক পাখির খবর পেয়ে আমরা সিন্ধুরমতি গ্রামে গিয়ে পাখিটি উদ্ধার করি। বর্তমানে পাখিটি বনবিভাগের আওতায় চট্টগ্রামে পাঠানো হচ্ছে।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মো. মিজানুর রহমান বলেন, মদনটাক পাখিটিকে আহত অবস্থা উদ্ধার করে কুড়িগ্রাম সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র রেখে ভেটেনারি চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমান পাখিটিকে চট্টগ্রামের রাঙুনিয়া শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক রাঙুনিয়া পাঠানোর ব্যবস্থা চলছে। তিনি আরো বলেন, মদনটাক পাখি আই ইউ সি এন এর লাল তালিকায় রয়েছে। এটি এখন বিপন্ন প্রজাতির পাখি হিসেবে পরিচিত।
