যুক্তরাষ্ট্রে বেলুন বিধ্বস্তে নিহত ৪, প্রাণ বাঁচল ৮ জনের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে পাইলটসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত রবিবার রাজ্যের ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে। তবে বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে সেখানে থাকা অন্য ৮ স্কাইডাইভার লাফ দিয়ে প্রাণহানি এড়িয়েছেন।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এক বিবৃতিতে বলেছে, কুবিসেক বিবি ৮৫ জেড নামের বেলুনটি ফিনিক্সের প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পূর্বে ইলয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এনটিএসবি জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। বেলুন ও এর ঝুড়ি অক্ষত ছিল।  বিষয়টি আরও খতিয়ে দেখতে ফ্লাইটের তথ্য থাকা একটি বৈদ্যুতিক যন্ত্র এবং ভিডিও ক্যামেরা ওয়াশিংটনে এনটিএসবির সদর দপ্তরে পাঠানো হয়েছে।

ইলয় পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার আগেই স্কাইডাইভাররা তাদের স্কাইডাইভিং সফলভাবে শেষ করেন। খবর ইউএস টুডের।

এক সংবাদ সম্মেলনে ইলয়ের মেয়র মিকা পাওয়েল বলেন, বেলুনটিতে ১৩ জন প্রাপ্তবয়স্ক ছিলেন। এর মধ্যে একজন অপারেটর, চারজন যাত্রী এবং আটজন স্কাইডাইভার। নিহতদের মধ্যে একজন অপারেটর ও তিনজন যাত্রী। তাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা, বাকিরা মার্কিন নাগরিক। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিরা হাসপাতালে নেয়ার পর। এছাড়া গুরুতর আহত অপর যাত্রী ২৩ বছর বয়সী এক নারী বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত