বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করবে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, পাট শিল্প নিয়ে আমরা ভাবছি, সমস্যাগুলো জানার চেষ্টা করছি। এ শিল্পকে আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে দেওয়া হবে পাটের সোনালি অতীত।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, সরকার পাটকে আবার তার ঐতিহ্যের জায়গায় ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, পাট শিল্পে অনেক সমস্যা রয়েছে, জানার ও বোঝার চেষ্টা করছি। এর সমস্যা সমাধানে
কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হবে। এ সময় মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ বলেন, পাটকলগুলোর মধ্যে ১৭টি লিজ দেওয়া হয়েছে।
এর মধ্যে পাঁচটি জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে আছে এবং রপ্তানি করছে। আমাদের জুট মিলের মধ্যে দুটি বিদেশি কোম্পানি সরাসরি শতভাগ বিনিয়োগ করেছে, আরও একটি তাইওয়ানের কোম্পানি বিনিয়োগে আসতে চায়। তাদের সঙ্গে কথা হয়েছে, সবকিছু এগিয়েছে।
