লিবিয়ায় অপহরণের পর বাংলাদেশে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
জানা যায়, লিবিয়ায় কর্মরত শ্রমিক সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকার বাসিন্দা মোরশেদ আলমকে এক মাস আগে অপহরণ করে বাংলাদেশেরই একদল লোক। তাকে আটকে রেখে নির্যাতনও করা হয়। একপর্যায়ে অপহরণকারীদের দাবির প্রেক্ষিতে মোরশেদ আলমের স্ত্রী জাহানার বেগম দেশে বিকাশের মাধ্যমে কয়েক দফায় দেড় লাখ টাকা পরিশোধ করেন। এরপর মোরশেদের পাসপোর্ট ছিনিয়ে নিয়ে আরও টাকার দাবি করেন অপহরণকারীরা।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে গত ৮ জানুয়ারি অজ্ঞাতনামাদেরকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে আল আমিন ওরফে মিলন নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন খুলনার লবনচরা থানার মহাম্মদিয়া পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো. মাহবুব আলম সরকার দেশ রূপান্তকে বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইমু নম্বর ও ব্যাংকে টাকা পাঠানো হিসেব নম্বরের মালিকদের শনাক্তে চেষ্টা শুরু করি। টাকা পাঠানো ডাচ বাংলা ব্যাংকের দুটি হিসেব নম্বরের লোকদের নাম-ঠিকানা ও হিসেব নম্বরে থাকা মোবাইল নম্বর সংগ্রহ করা হলেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গত সোমবার রাতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে আল আমিনের অবস্থান নিশ্চিত হই। এরপর অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে গুলিস্তানের এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদানের পর গ্রেপ্তার আল আমিনকে বুধবার আদালতের আদেশে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
