ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু'ধারে হাজারো নেতাকর্মীর ভিড়। নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিশাল এক মিছিলের মধ্য দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নিয়েছেন। কেউ হাত উঁচিয়ে অভিবাদন জানিয়েছেন, কেউবা ফুল ছিটিয়ে। আবার কেউ কেউ গাড়ির বহর দাঁড় করিয়ে জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা। এভাবেই নিজের নির্বাচনী এলাকায় ফিরেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ঈগল প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকায় আসেন এই সংসদ সদস্য। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।
পরে বিশাল এক মিছিলের মধ্য দিয়ে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা, উপজেলা আ. লীগের সাবেক সম্মানিত সদস্য ও সরিষা ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, মগটুলা ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালীউল্লাহ রাসেলসহ অনেকে।
