দ্বাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির জামানত হারানো প্রার্থী আজিজ আহমেদ রুবেল।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের কালিতলায় সাংসদ রিপুর বাসভবনে এই ফুলেল শুভেচ্ছা জানান।
জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ৫৩ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হন। অপরদিকে জাপার প্রার্থী আজিজ আহমেদ রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৮৬২টি। এতে রুবেল মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পাওয়ায় তিনি জামানত হারান।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুর হাসান ববি, জাপা নেতা অমিত হাসান শুভসহ আরও অন্যান্যরা।
সংসদ সদস্য রিপুর সঙ্গে বগুড়া সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা সমাধানে আলোচনা করেন ও এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন আজিজ আহমেদ রুবেল।
