ড্রেন সংস্কারের সময় সিএনজি ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৫

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নর্থ ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে অগ্নিকাণ্ডে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নর্থ ইস্ট সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের পাশে একটি ড্রেনের সংস্কার কাজ চলছে। সিলেট সিটি করপোরেশনের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা সেখানে কাজ করছিলেন। ফিলিং স্টেশনের কাছেই বৈদ্যুতিক যন্ত্র দিয়ে রড কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ তেলবাহী একটি ট্রাকের নিচে গিয়ে পড়লে আগুন জ্বলে ওঠে। এতে ৫ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন এবং ফিলিং স্টেশনের একজন কর্মী অজ্ঞান হয়ে পড়েন।

অগ্নিদগ্ধরা হলেন—সিলেট নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকার মনতাজ মিয়া (৩৫), লিটন মিয়া (২৫), আলম মিয়া (২৩), মতি মিয়া (৬০) ও সুভাস দাস (৫০)। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই ফিলিং স্টেশনের নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে স্টেশনটি রক্ষা পেয়েছে।   

এদিকে খবর পেয়ে সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে দগ্ধদের চিকিৎসার খোঁজ নেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, ‘ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া অগ্নিদগ্ধদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্টরা।’

প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে সিলেট নগরীর মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে ৬ জনের মৃত্যু হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত