চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের উপস্থিতি নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
আগামী তিন ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক চুনারুঘাটে আসার উপলক্ষে সভার আয়োজন করে আওয়ামী লীগ। ব্যারিস্টার সুমনের আমন্ত্রণেই মন্ত্রী চুনারুঘাট আসছেন। এ উপলক্ষে আজ রবিবার ওই সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
সভায় সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে উপস্থিত দেখে সাংস্কৃতিক সম্পাদক মোক্তাদির চৌধুরী প্রশ্ন তুলেন ব্যারিস্টার সুমন দলের লোক নন, তাকে কেন আমন্ত্রণ করা হয়েছে? এ নিয়ে উপস্থিত নেতাকর্মীরা মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দলের সিনিয়র নেতারা উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতুর সভাপতিত্বে বিকেল চারটায় সভা শুরু হয়। সাংস্কৃতিক সম্পাদকের প্রশ্ন নিয়ে হট্টগোল থামাতে আকবর হোসেন হাতে মাইক নিয়ে নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে আজকের সভা আহ্বান করা হয়েছে । এছাড়া সংসদ সদস্য নিজে সবার সঙ্গে মতবিনিময় করতে চেয়েছিলেন।
একপর্যায়ে সংসদ সদস্য সুমন নিজেই মাইক নিয়ে নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘আপনারা সবাই আমার অভিভাবক। এখানে অনেক নেতা আছেন, যাদের রাজনীতির অভিজ্ঞতা আমার বয়সের চেয়ে বেশি। আমি স্বতন্ত্র সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের একজন কর্মী। নেত্রীর কথা অনুযায়ী প্রার্থী হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সঙ্গে আজ মতবিনিময় করতে এসেছি।’
তার বক্তব্যের সময় নেতাকর্মীরা একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে থাকেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সভায় চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি আবেদা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আকবর হোসেন জিতু বলেন, আজকের এ ঘটনার জন্য মোক্তাদির চৌধুরীকে আওয়ামী লীগের কোনো সভায় আমন্ত্রণ জানানো হবে না।
সভার বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
