অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করলেন মোদি

  • সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনার পর রামলালার মূর্তি উন্মোচন করেন
  • দ্বোধনী অনুষ্ঠার মূল পর্ব শেষে রামমন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে ১১ দিনের উপোষ ভাঙেন ভারতীয় প্রধানমন্ত্রী
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৭ পিএম

৩১ বছর আগে গুঁড়িয়ে দেওয়া ‘বাবরি মসজিদের’ স্থানে নির্মিত আলোচিত রামমন্দিরের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন তিনি।

আজ সোমবার বিশাল আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় রীতি মেনে পূজা-অর্চনার পর রামলালার মূর্তি উন্মোচন করেন। উদ্বোধনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিট) উদ্বোধন অনুষ্ঠান শুরু হলেও উদ্বোধনের বেশ আগেই হেলিকপ্টারে করে রামমন্দিরে এসে পৌঁছান নরেন্দ্র মোদি। এরপর হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করেন তিনি। এ সময় সেখানে ছিলেন যোগী আদিত্যনাথ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

উদ্বোধনী অনুষ্ঠার মূল পর্ব শেষে রামমন্দির থেকে বের হয়ে মন্দির চত্বরে ১১ দিনের উপোষ ভাঙেন ভারতীয় প্রধানমন্ত্রী। হাত জোর করে উপস্থিত অতিথিদের স্বাগত জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় আট হাজার অতিথির উপস্থিতি ছিল। অযোধ্যায় সাজ সাজ রবে উদ্বোধন করা হয়। এ সময় নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা।

মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি ১৫২৮ সালে অযোধ্যায় মসজিদ তৈরি করেন, যা পরবর্তী সময়ে বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে। মূলত বাবরি মসজিদের নামকরণ করা হয়েছিল মুঘল সম্রাট বাবরের নামানুসারে।

তবে হিন্দুদের দাবি, রাম জন্মভূমিতে ‘রামের মন্দির ভেঙে’ মসজিদটি তৈরি করা হয়েছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হামলায় মসজিদটি ধ্বংস হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ভারতজুড়ে দাঙ্গা দেখা দেয়। তাতে দুই হাজার মানুষ নিহত হন, যাঁদের বেশির ভাগই সংখ্যালঘু মুসলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত