কুড়িগ্রামের নাগেশ্বরীত ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সত্য চন্দ্র শীলকে লালমনিরহাটের আদিতমারী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার জানান, এ ঘটনার জেরে অভিযানের একপর্যায়ে নাগেশরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সরোয়ার পারভেজ ও তদন্তকারী কর্মকর্তা (এসআই, নিরস্ত্র) প্রভাত রঞ্জন রায়সহ একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে আসামি সীমন্তবর্তী এলাকা লোহাকুচি বর্ডার হয়ে পালানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, এমতাবস্থায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে সত্য চন্দ্র শীলকে লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশী ইউনিয়নের সীমান্তবর্তী বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে আসামির ব্যবহৃত রক্তমাখা কুড়াল ও আসামির রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের দাবি, রবিবার ভোরে স্ত্রী লতা রাণী শীলকে (৩৮) নিজ বাড়িতে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে পালান সত্য চন্দ্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
