কুকুরের কামড়ে আহত অর্ধশত, ভ্যাক্সিন না পেয়ে ক্ষোভ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে গ্রামের প্রায় অর্ধশত নারী-পুরুষ আহত হয়েছেন। এ ঘটনায় রোগীরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে সরকারি ভ্যাক্সিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামে একটি কালো রঙের পাগলা কুকুর গ্রামের ক্ষেতে-খামার ও রাস্তায় চলাচলরত বিভিন্ন পেশার নারী ও পুরুষকে কামড়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসেন । এদিকে হাসপাতালে সরকারি ভ্যাক্সিন না থাকায় বাইরে থেকে বেশি দামে ভ্যাক্সিন কিনে এনে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এতে রোগী এবং রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেন।

এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রোকেয়া ও বারেক জানায়, আমাদের গাজীর খামার এলাকায় একটি কুকুর পাগল হয়ে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে কিন্তু হাসপাতালে সরকারি ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে বেশী দামে ভ্যাকসিন কিনে এনে আমরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। 

হাসপাতালে ভ্যাক্সিন না থাকার কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন জানায়, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও ওই কুকুর থেকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত