নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদে মাইকিং করে গণপিটুনিতে মিলন নামের এক ‘ডাকাত সর্দারের’ মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন ওই এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ তিনি ডাকাত দলের সর্দার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাকাত সর্দার মিলন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে লোকজনের উপর হামলা চালিয়ে বা বাসা-বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুটপাট করে নিয়ে যেতেন। গত ১৯ জানুয়ারি ওই এলাকার এক মসজিদের ইমামের বাসায় দলবদ্ধ হয়ে ডাকাতি করেন। এরপর গতকাল রাতে তার দলের দুজন সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশকে সোপর্দ করে স্থানীয়রা।
সোমবার দুপুরে মিলনের নেতৃত্বে মোটরসাইকেলে তার বাহিনী এলাকায় মোহড়া দিয়ে কয়েকটি দোকান ভাঙচুর ও শাহজাহান (দুবাই শাজাহান) নামে একজনকে রামদা নিয়ে কুপিয়ে আহত করেন। তখন বিক্ষুদ্ধ স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা করে ডাকাত সদস্যদের ধাওয়া দিয়ে মিলনকে ধরে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গণপিটুনির শিকার ব্যক্তি মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
