উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, মামলায় আসামি ১৩০০

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম

রাজধানীর শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজারে উচ্ছেদ অভিযান চালানোর সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানপুর থানায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লেবার ইনচার্জ এসএম হাফিজুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সেখানে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০০ থেকে ১৩০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার ও হামলার অভিযোগ করা হয়েছে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা মামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, তারা এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেননি। তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযুক্তদের সনাক্তর ও গ্রেপ্তারের জন্য সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখছেন। তারা তাদের মতো করে কাজ করছেন।

এদিকে রবিবার দুপুর আড়াইটার দিকে শাহজাহানপুরে খেলার মাঠের পাশে বস্তি ও কাঁচা বাজার উচ্ছেদে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লোকজন। এ সময় হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৪)। একই সময় শাহজাহানপুর থানার পরিদর্শক-অপারেশন মাইদুল ইসলামসহ আরও চার জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত