তেজগাঁওয়ে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

রাজধানীর তেজগাঁও রেলগেইট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে বিভাগ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ।

এ সময় স্থানীয়রা অভিযোগ করেন,ছোট-খাটো ঝুপড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া হলেও বড় স্থাপনা সরাতে সময় দেওয়া হয়েছে তিনদিন। টাকার বিনিময়ে ভাঙা হয়নি প্রভাবশালীদের স্থাপনা। তাদের দাবি, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা মিলেমিশে নির্মাণ করেছে খামার।

তবে রেলওয়ে বলছে, খামারটি সরাতে তিনদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে সরিয়ে নেওয়া না হলে চালানো হবে উচ্ছেদ।
 
দেখা যায়, তেজগাঁও রেলগেইটে রেললাইনের দুইপাশে ১০ ফুট জায়গা খালি রাখার নিয়ম থাকলেও লাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছে টিনশেডের মুরগির খামার। রেললাইনের এই অংশটি বাকা যেখানে রয়েছে স্থাপনা। আর এ স্থাপনার কারণে ট্রেন এলে সামনের অংশে ভালোভাবে দেখতে পান না লোকোমাস্টার।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, একজন রাজনৈতিক ব্যক্তিরও সাপোর্ট নিয়েছি। আমাদের থেকেও তারা সময় নিয়েছেন। তিনদিনের মধ্যেই ওই ঘরটা সরিয়ে নেওয়ার কথা বলেছেন তারা। সরিয়ে না নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর মুরগির ফার্মটা অচিরেই উচ্ছেদের ব্যবস্থা করব।   

শুধু তেজগাঁও নয়, এভাবে টঙ্গী পর্যন্ত দখল হয়েছে কয়েক’শ একর জমি। পর্যায়ক্রমে উদ্ধারে চালানো হবে অভিযান বলে জানিয়েছে রেলওয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত