বিয়ের মঞ্চ ভেঙে আহত ৩০, প্রথম রাত হাসপাতালেই কাটালেন নবদম্পতি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

বিয়েতে আসা অতিথিদের সঙ্গে নাচছিলেন বর-কনে। এমন সময় মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়ে যান তারা। এ ঘটনায় বর-কনে ছাড়াও আহত হয়েছে অন্তত ৩০ জন অতিথি। সোমবার (২২ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাটি ইতালির। গত ১৩ জানুয়ারি ওই বিয়েতে প্রায় ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার পর হাসপাতালই তাদের গন্তব্য হয়ে ওঠে। অপরদিকে বিয়ের আয়োজন শেষে বাড়ি যাওয়ার কথা থাকলেও দাম্পত্যের সবচেয়ে স্মরণীয় দিনটি হাসপাতালেই কাটাতে হয়েছে নবদম্পতিকে।

বর পাওলো মুগনানি বলেন, আমরা সবাই খুশি ছিলাম। হঠাৎ করেই মঞ্চটি ভেঙে পড়ে। তাৎক্ষণিক ভাবে কিছুই বুঝতে পারিনি। হঠাৎ নিজেকে অন্ধকারে আবিষ্কার করি। একপর্যায়ে আমার স্ত্রী ভ্যালেরি ইয়াবরাকে (২৬) ডাকছিলাম। কিন্তু সে সাড়া দিচ্ছিল না। আমার আশঙ্কা ছিল সেও চাপা পড়েছে।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যারা মঞ্চ ভেঙে নিচে পড়ে যান তাদের অনেকের হাড়গোড় ভেঙে গেছে। এ ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছে। মাঝারি আহত হয়েছে ১০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসপাতালের পৃথক বিছানায় হাত ধরাধরি করে শুয়ে আছেন নবদম্পতি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত