ব্যবহারকারীদের জন্য এবার নতুন এক ফিচার আনছে বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং ও কলের পাশাপাশি বড় ফাইল ট্রান্সফারের জন্য নিয়ে আসছে দারুণ সুবিধা।
নতুন এই ফিচারের মাধ্যমে আশেপাশের সবার সাথেই সহজে ফাইল শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
প্রতিবেদনে বলা হয়, ব্লুটুথের মাধ্যমে ফাইল শেয়ারের কাজ করবে ফিচারটি। সাধারণত হোয়াটসঅ্যাপে বড় ফাইল পাঠানোর ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হয় ব্যবহারকারীদের। বিশেষ করে বড় ফাইল পাঠাতে অনেক সময় নেয় হোয়াটসঅ্যাপ। আর সেই সমস্যা সমাধানেই ফাইল শেয়ারের নতুন ফিচার আনার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
সম্প্রতি এই ফিচারের বিষয়ে আভাস দিয়েছে ডব্লিউএবেটাইনফো। এবং ফিচারটি এখনও প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
অ্যান্ড্রয়েড অথোরিটি জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আশেপাশে থাকা অন্য ব্যবহারকারীকে সহজেই ফাইল পাঠাতে পারবেন। এ জন্য ‘পিপল নিয়ারবাই’ নামের একটি অপশন দেয়া হবে হোয়াটসঅ্যাপে।
এক্ষেত্রে ব্লুটুথ অন করে পিপল নিয়ারবাই ফিচারের মাধ্যমে ফাইল পাঠানো যাবে। এ ক্ষেত্রে যাকে পাঠানো হবে তাকে শুধু একসেপ্ট করতে হবে। এরপরই ফাইল ট্রান্সফার শুরু হবে। আর এই ফিচার থাকবে সম্পূর্ণ এন্ড-টু-এনক্রিপ্টেড। অর্থাৎ ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রেখেই ফিচারটি কাজ করবে।
অ্যাপেল এয়ারড্রপ এবং অ্যান্ড্রয়েড নিয়ারবাই শেয়ার ফিচারের মতো কাজ করবে হোয়াটসঅ্যাপের পিপল নিয়ারবাই। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরউ ফিচারটি চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
