বলছেন যাত্রীরা

মেট্রোরেলের পেইড এরিয়ার সময় বাড়ানো উচিত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম

মেট্রোরেলে একক যাত্রার টিকিট বা এমআরটি পাস প্রবেশ গেইটে স্পর্শ করার পর পেইড এরিয়াতে অবস্থানের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। অতিরিক্ত সময় থাকলে অতিরিক্ত ভাড়া আদায়সহ জরিমানাও করা হতে পারে। কিন্তু মেট্রোরেলের এই পেইড এরিয়ার সময় ও জরিমানার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করছেন মেট্রো যাত্রীরা। যাত্রীরা বলছেন, ভিড়ের কারণে পরপর কয়েকটা ট্রেন মিস করলেই তো জরিমানার মুখে পড়তে হবে। সময়টি আরও বাড়ানো উচিত।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলছে, উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত ভ্রমণসহ অবস্থানকাল সর্বোচ্চ ৪০ মিনিট। এই সময়ের অতিরিক্ত সময় অবস্থান করলে এই অংশের সর্বোচ্চ ভাড়ার দ্বিগুণ পরিশোধ করতে হবে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন পর্যন্ত ভ্রমণসহ অবস্থানকাল সর্বোচ্চ ৬০ মিনিট। এই সময়ের অতিরিক্ত সময় অবস্থান করলে এই অংশের সর্বোচ্চ ভাড়ার দ্বিগুণ পরিশোধ করতে হবে। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হচ্ছে। মেট্রোরেলের ফেসবুকের একটি কমিউনিটি গ্রুপে সাজ্জাদ হোসাইন নামের এক যাত্রী লিখেছেন, 'পেইড এরিয়ায় ৬০ মিনিট পর জরিমানার ব্যাপারটা মনে হয় পুনর্বিবেচনা করা উচিৎ। আগারগাঁও থেকে উত্তরা বা মতিঝিল প্রান্তে যেতে চাইলে ভিড়ের কারণে কোনোভাবে ৩টা ট্রেন মিস করলেই তো জরিমানার মুখে পড়তে হবে।'

এখানে মাহমুদুল হাসান নামের এক মেট্রো যাত্রী কমেন্ট করেছেন, 'বিষয়টি অতীব জরুরি, বিবেচনা করা উচিত।' আহমাদ সজিব নামের আরেক যাত্রী '১০০ শতাংশ সমর্থন' জানিয়েছেন।

তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলছে, এমআরটি পাস ব্যবহার করে পেইড এরিয়াতে প্রবেশের পর একই স্টেশনে পাঁচ মিনিটের মধ্যে প্রস্থান করলে কোনো চার্জ প্রযোজ্য হবে না। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত পাঁচ মিনিটের অধিক থেকে সর্বোচ্চ ৪০ মিনিট অবস্থান করলে এই অংশের সর্বোচ্চ ভাড়া প্রযোজ্য হবে। আর উত্তরা উত্তর থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ক্ষেত্রে পাঁচ মিনিটের অধিক সময় থেকে সর্বোচ্চ ৬০ মিনিট অবস্থান করলে এই অংশের সর্বোচ্চ ভাড়া প্রযোজ্য হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের অধিক সময় অবস্থান করলে এই অংশের সর্বোচ্চ ভাড়ার দ্বিগুণ কর্তন করা হবে।

আরও পড়ুন

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত