পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করবে না

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ পিএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে, পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে তবে কেউ মজুতদারি করবে না। এ বিষয়ে খাদ্য পণ্যের সরবহাহকারীদের সাথে আমাদের কথা হয়েছে। আসন্ন রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য সরবরাহ করা হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ, বলরামপুর ও নিশ্চিন্তপুর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকা সমুহ যমুনা নদীর ভাঙন থেকে রক্ষাকল্পে বাম তীর বরাবর ছয় কিলোমিটার দীর্থ জিওব্যাগ দ্বারা নদী তীর প্রতিরক্ষামুলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদী পারের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখ জিওব্যাগ ফেলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরির্দশন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত