মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর ‘অ্যানুয়াল বিজনেস সামিট-২০২৪’ শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ১৫২টি শাখার প্রধান, ৪২টি উপশাখার ইনচার্জ, রিজিওনাল হেড ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: কামরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম ও মো: আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউজ (ইউকে) লিমিটেড এর চেয়ারম্যান এম. আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল ও পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো: জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ এবং মু: মাহমুদ আলম চৌধুরী এবং কোম্পানি সচিব ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করছে। যার ফলে ২০২৩ সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালন মুনাফা আশানুরুপ অর্জিত হয়নি।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: কামরুল ইসলাম চৌধুরী ২০২৪ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় ও আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসাথে তিনি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ও গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি, গ্রাহক সেবার মান বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করতে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
