অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, যত্ন এবং সার্বিক বিকাশে অসামান্য অবদানের জন্য ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’ লাভ করেছেন বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান। একই সঙ্গে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল ওয়ার্কস’ ডিগ্রিতে ভূষিত করা হয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘দ্য রিটজ-কার্লটন’ হোটেলে আয়োজিত ‘ক্লাস্টার অব অ্যাচিভার্স ২০২৬’-এর ৪৩তম আসরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ইয়াশা সোবহানের হাতে এই আন্তর্জাতিক সম্মাননা তুলে দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা কৃতী ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ চাহিদার কারণে যেন কোনো শিশুর শিক্ষা, বিকাশ ও সমাজের মূলধারায় একীভূত হওয়ার পথ আটকে না যায়—এই লক্ষ্য নিয়েই নিরলস কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বতন্ত্র সম্ভাবনা প্রকাশ, দক্ষতা বৃদ্ধি এবং তাদের জন্য একটি অনুকূল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ইয়াশা সোবহান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সফল ব্যবসা পরিচালনা ও ব্র্যান্ড নির্মাণের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ সমাজ বিকাশে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।