সাকিব আল হাসান খেলা মানে দলে একজন ব্যাটসম্যান ও বোলার অতিরিক্ত খেলা। যা দেয় বাড়তি সুবিধা। বিশ্বসেরা অলরাউন্ডারের বোলিংটা প্রকৃতি প্রদত্ত হলেও ব্যাটিংটা অনেক পরিশ্রমের ফসল। প্রস্তুতিতে একটু ঘাটতি দেখা দিলেই দিতে পারেন না নিজের সেরাটা। যা হচ্ছে এবারের বিপিএলে। চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলেই চলে গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিরে দেশে খেলেছেন আরেকটি ম্যাচ। বল হাতে স্বভাবসুলভ পারফর্ম করলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ।
ম্যাচ শেষে সাকিবের ব্যাট হাতে অফ ফর্ম থাকার কারণ হিসেবে দলটির কোচ জানিয়েছিলেন ‘প্রস্তুতিতে ঘাটতি’র কথা। আর সেটা ঘুচাতে আজ কঠোর অনুশীলন করছেন সাকিব। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলতে নামবে রংপুর। তার আগে দুপুর সাড়ে ১২টায় হাজির তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আউটার স্টেডিয়ামে প্রায় এক ঘণ্টা তিনি ঘাম ঝরানো অনুশীলন করেছেন। এসময় চারজন বোলার তাকে বোলিং করেন। রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক, রিশাদ হোসেন এবং রংপুরের আরও দুই বোলার মিলে তাকে বল করেন।
গতম্যাচে আগে বোলিং করতে নেমে কোনো উইকেট না পেলেও সাকিব রান দিয়েছেন মাত্র ২১, ডট বল করেন ১০টি। এরপর রান করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুর। দলটির ব্যাটিং অর্ডারে সাকিবকে দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে সপ্তম উইকেট পর্যন্ত।
সাকিবের সার্বিক অবস্থা নিয়ে রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আসলে সাকিব আল হাসান আসছেন। অনেকদিন ছিল না। আপনারা সবাই জানেন একটু চোখে সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি এ জন্য ব্যাট করেনি।’সাকিব বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ‘না, সমস্যার কথা বলে নাই সে কালকে। আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’
অনুশীলনের বাইরে থাকা সাকিবের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন রংপুর কোচ। বলেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে...ওর একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।’
