বার্সেলোনার কোচ হতে কে না চায়: রাফায়েল মার্কেজ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম

ব্যর্থতার দায় নিয়ে মৌসুম শেষেই বিদায় নিবেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। লা লিগায় সবশেষ ম্যাচে ৫-৩ গোলে হারার পর সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দেন তিনি। তারপরই সামনে আসে আরেকটি প্রশ্ন। জাভির বিদায়ের পর কে হবেন বার্সার পরবর্তী কোচ?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সাংবাদিকেরা হাজির হয়েছিল বার্সেলোনার দুই সাবেক খেলোয়াড় থিয়াগো মোত্তা ও রাফায়েল মার্কেজের কাছে। এখনই জবাব নয় জানিয়ে জাভির বিদায় বলে দেওয়াকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন মোত্তা। আর মার্কেজ বলেছেন, জাভির জায়গা নিতে প্রস্তুত তিনি।

মোত্তা এখন ইতালির ক্লাব বোলোনিয়ার কোচ। ব্রাজিলে জন্ম নেওয়া ইতালির সাবেক ফুটবলার মোত্তা জাভির ঘোষণা নিয়ে বলেছেন, ‘এটা দুঃখজনক। সে খুব ভালো করছিল এবং গত মৌসুমে শিরোপা জিতেছে। জার্গেন ক্লপও লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কোচিং পেশাটা কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা নিজেরাই এই পেশা বেছে নিয়েছি।’

বোলোনিয়াতে তার ভবিষ্যৎ কী এবং বার্সেলোনার কোচ হওয়ার প্রস্তাব পেলে সেখানে যাবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মোত্তা বলেছেন, ‘যখন খবর ছাপার সময় হবে, আমিই আপনাদের বলব। কিন্তু আজ নয়।’

একই প্রশ্ন করা হয়েছিল বার্সেলোনার সাবেক মেক্সিকান ডিফেন্ডার মার্কেজকে। এই মুহূর্তে বার্সেলোনা ‘বি’ দলের এই কোচ স্পেনের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভিয়ারিয়ালের কাছে হারটা দুঃখজনক। আমি মনে করি, নতুন কোচ নিয়ে বোর্ডের ভাবার জন্য এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত সময় আছে। কাকে কোচ হিসেবে নিয়োগ দেবে, এই সিদ্ধান্ত তারা নেবে, এটা তাদের হাতে।’

মার্কেজ এরপর যোগ করেন, ‘নিশ্চিত করেই আমি (বার্সেলোনার মূল দলের কোচ হওয়ার জন্য) তৈরি হতে থাকব। আমি এখন ছেলেদের নিয়ে যে কাজ করছি, সেটাতে খুশি। বার্সেলোনার কোচ হতে কে না চায়? এ ধরনের সুযোগ এলে আপনি না বলতে পারবেন না। সুযোগটা যদি আসেই, তাহলে আমি করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত