'জীবন ও ফুটবল বড়ই নিষ্ঠুর': বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন স্প্যানিশ মিডফিল্ডার

আপডেট : ২০ মে ২০২৬, ১০:৩৪ পিএম

২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে চোটের কারণে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ মিডফিল্ডার ফেরমিন লোপেজ। ডান পায়ের মেটাটারসাল ফ্র্যাকচারের (হাড় ফেটে যাওয়া) কারণে সফল অস্ত্রোপচারের পর অবশেষে নিজের নীরবতা ভেঙেছেন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা দিয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।

লা লিগার শেষভাগে এসে পাওয়া পায়ের চোটে শেষ পর্যন্ত ছুরির নিচেই বসতে হলো ফেরমিনকে। গত রবিবার রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে প্রথমার্ধের পরই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ডান পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরায় দ্রুতই তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, "ডান পায়ের পঞ্চম মেটাটারসালের ফ্র্যাকচারের কারণে ফেরমিন লোপেজের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বার্সেলোনা হাসপাতালে ডক্টর আন্তোনি দালমাউ কোলের তত্ত্বাবধানে এবং ক্লাবের মেডিকেল সার্ভিসের পর্যবেক্ষণে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তার মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, তা পুনর্বাসনের অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।"

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চোটের আপডেট দিতে গিয়ে চরম হতাশা লুকিয়ে রাখেননি ফেরমিন। ২০২৬ বিশ্বকাপের জন্য স্পেনের চূড়ান্ত প্রস্তুতি শুরুর ঠিক আগমুহূর্তে এমন বড় ধাক্কা যেকোনো অ্যাথলেটের জন্যই মানসিকভাবে মেনে নেওয়া কঠিন।

ফেরমিন লোপেজ তার বার্তায় লেখেন, "অস্ত্রোপচার খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন থেকেই আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথা ভাবছি। যখন আপনি একদমই আশা করেন না বা যার আপনার কোনো দায় থাকে না, ঠিক তখনই জীবন ও ফুটবল কতটা নিষ্ঠুর হতে পারে! তবে আপনাকে মেনে নিতেই হবে যে, এটিও ক্যারিয়ারের যাত্রার একটি অংশ।"

তিনি আরও যোগ করেন, "এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি সময় এবং ক্যারিয়ারের আরও একটি নতুন চ্যালেঞ্জ, যা আমি নিঃসন্দেহে কাটিয়ে উঠব। এখন বাড়ি বসেই জাতীয় দল এবং আমার সতীর্থদের সমর্থন করার সময়। পাশে থাকার জন্য এবং সুন্দর সব বার্তার জন্য সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।"

লা মাসিয়া থেকে উঠে আসা এই মিডফিল্ডারের জন্য চোটের সময়টা সত্যিই ভীষণ নির্মম। চলতি মরসুমে বার্সেলোনার হয়ে ৪৮ ম্যাচে ১৩টি গোল এবং ১৭টি অ্যাসিস্ট করে লুইস দে লা ফুয়েন্তের স্পেন দলের শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই ছিলেন তিনি। জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এই চোট তার বিশ্বমঞ্চে খেলার স্বপ্নকে পুরোপুরি ধূলিসাৎ করে দিল।

প্রাথমিক ধারণা অনুযায়ী, ফেরমিন লোপেজকে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এর অর্থ দাঁড়ায়, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বৈশ্বিক টুর্নামেন্ট মিস করার পাশাপাশি বার্সেলোনার প্রাক-মরসুম (প্রি-সিজন) প্রস্তুতিতেও অংশ নিতে পারবেন না তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত