বলিউডে ‘দাহাড়’, ‘ব্লার’ সিনেমা ও ‘গান্স অ্যান্ড গুলাবস’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেতা গুলশান দেবায়া। জনপ্রিয়তা বাড়ায় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহ কম নয় অনুরাগীদের।
নিজেকে নিয়ে জনসমক্ষে তেমন কথা না বললেও তা কখনও আলাদা করে লুকিয়ে রাখেননি গুলশান। বরং, প্রাক্তন স্ত্রী কাল্লিরোই জিয়াফেটার সঙ্গে মাঝে মধ্যেই দেখা গেছে অভিনেতাকে। সামাজিকমাধ্যমে একে অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে কর্মক্ষেত্রে একে অপরের পাশে থাকা— কোনো দিকেই বাদ রাখেননি প্রাক্তন যুগল। গত বছর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, তবে কি ফের কাছাকাছি আসছেন গুলশান ও কাল্লিরোই?
নতুন বছরে গুলশান জানালেন, নিজেদের সম্পর্ককে আরও একবার সুযোগ দিতে রাজি তারা।
কাল্লিরোইয়ের সঙ্গেই বছর আটেক সংসার করেছেন গুলশান। তার পরে বিবাহবিচ্ছেদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুলশান জানান, আগে তাদের বয়স কম ছিল, বোধও পরিণত হয়নি তেমন। তা ছাড়াও, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণেই নাকি সেই সময় টেকেনি তাদের দাম্পত্য।
গুলশান বলেন, ‘আমরা একে অপরকে বরাবরই খুব ভালোবাসি। সেই আবেগে কোথাও কোনো কমতি নেই। প্রথম বার বিয়ের পরে সমস্যা হয়েছিল। কারণ, তখন পরিস্থিতি অন্য রকম ছিল। এখন আমরা অনেক বেশি পরিণতমনস্ক। এখন পরিস্থিতিটাও পাল্টেছে। যে সময় আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেই সময় আমাদের একে অপরের থেকে আলাদা থাকাটা হয়তো দরকারও ছিল।’
তিনি আরও বলেন, ‘এখন আমি নিজেকে অনেক বেশি ভালোভাবে বুঝি। আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনেও এখন অনেকটা থিতু হয়েছি। আমার ধৈর্য বেড়েছে। যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতাও তৈরি হয়েছে আমার মধ্যে।’
অভিনেতার মতে, চিন্তাভাবনার দিক থেকে এখন আমরা দু’জনেই একই জায়গায় এসেছি। এখন আমরা অযথা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি না। বরং আজকে আমরা ডেটে কোথায় যাব, সেটা ভাবি। বা কোথায় ঘুরতে যাব, সেটা পরিকল্পনা করি।
বিয়ে আগামী বছর, এখনই অন্তঃসত্ত্বা তিয়াশা?