ব্রিসবেনের গ্যাবায় ইতিহাস রচনা করেছে ওয়েস্টইন্ডিজ। শামার জোসেফ বীরত্বের ৮ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পায় তারা। তাতে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা।
ঐতিহাসিক এই জয়ের পর কমেন্ট্রি বক্সে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়ক লারা। এসময় অস্ট্রেলিয়ার কিংবদন্তী সাবেক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তাকে জড়িয়ে ধরেন। সময়টা বন্দী করেন নিরপেক্ষ ধারাভাষ্যকার ইয়ান স্মিথ।
অশ্রুসিক্ত কণ্ঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘অবিশ্বাস্য! অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর ২৭ বছর। তরুণ অনভিজ্ঞ, লেখালেখি করা এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অনেক বড় একটা দিন।’
তিনি যোগ করেন, ‘আমাদের ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে অভিনন্দন। কী চমৎকার একটা উপলক্ষ।’
১৯৯৭ সালে পার্থে জেতা ম্যাচের প্রথম ইনিংসে ১৩২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি লারা। হুপারের ভূমিকাও কম ছিল না, প্রথম ইনিংসে ৫৭ রান করেছিলেন তিনি। আবার পরে একটি উইকেটও নিয়েছিলেন।
ওই দলেরই আরেকজন ইয়ান বিশপ সাক্ষী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অভাবনীয় জয়ের। ক্যারিবিয়ান সাবেক এই পেসারের দেখা সেরা টেস্টগুলোর একটি ছিল ব্রিজবেনের এই দিন-রাতের ম্যাচটি।
'আমার দেখার সৌভাগ্য হয়েছে এমন সেরা টেস্ট ম্যাচের মধ্যে এটা একটি।'
ওয়েস্ট ইন্ডিজের এই জয় ছুঁয়ে গেছে মুশফিকুর রহিমকে। আপাতত বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করা বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান অভিনন্দন জানিয়েছেন ক্যারিবিয়ানদের।
'এই কারণেই টেস্ট ক্রিকেটকে আপনি ভালোবাসেন, এই কারণেই আপনি টেস্ট ক্রিকেট খেলেন…ওয়েস্ট ইন্ডিজ তোমরা দুর্দান্ত…অভিনন্দন।'