ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং গুপ্তচরবৃত্তির ঘটনায় চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান।
ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
মিজানের প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট আপিল খারিজ করার পর সোমবার ওই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশে ইরানে সামরিক সরঞ্জাম তৈরির কারখানায় বোমা হামলার পরিকল্পনার অভিযোগ ছিল এই চারজনের বিরুদ্ধে।
বিচার বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ফারামারজি, মোহসেন মাজলুম, ওয়াফা আজারবার এবং পেজমান ফাতেহি। তাদেরকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরাকের উত্তর কুর্দি অঞ্চল থেকে বেআইনিভাবে ইরানে প্রবেশ করেছিল দোষী সাব্যস্তরা। ইরানের কেন্দ্রীয় শহর ইস্ফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র তৈরির কারখানায় বোমা হামলার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ইরানি গোয়েন্দাদের কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারেনি তারা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির হিসেবে, অন্য যেকোনো দেশের তুলনায় ইরান প্রতি বছর বেশি সংখ্যক মানুষকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত তিন পুরুষ এবং একজন মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছিল দেশটি।
গত বছর ২০২৩ সালে দেশটিতে কমপক্ষে ৮৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যার মধ্যে ৮ জন ইরানে বিক্ষোভের সাথে যুক্ত ছিল।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা নিয়ে যা বলছে ইরান