সাঈম-নাঈম ঝড় মিটিয়ে গেল বাঘের গর্জনে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম

খুলনার বাঘেদের গর্জনের সামনে ম্রিয়মান দুর্দান্ত ঢাকা। ঝকমকে ওপেনিং জুটির পরও খুলনা বোলারদের কড়া বোলিংয়ে মাত্র ১৩০ রানেই থামে ঢাকার ইনিংস।

দুর্দান্ত ঢাকার হয়ে দোর্দণ্ড রূপে আবির্ভুত হওয়ার কথা ছিল সাঈম আইয়ুবের। তবে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নাঈম শেখ। প্রায় দুশো স্ট্রাইকরেটে ২১ বলে ৪১ রানের ইনিংস খেলেন নাঈম। যেখানে চার দুটো আর ছক্কা চারটি। সাঈমের করা ৩৫ রানের স্ট্রাইকরেট তার নামের সঙ্গে বেমানান। একশ’র নিচে স্ট্রাইকরেটে ৩৭ বলে ১ চার ও ৩ ছয়ে এ রান করেন তিনি। দুজনের উদ্বোধনী জুটি দাঁড়ায় ৭৫ রানের।

নবম ওভারে নাঈম ও পরের ওভারে ৭৭ রানে সাঈম ফেরার পরই খেই হারায় ঢাকা। শেষ ১০ ওভারে তারা সংগ্রহ করে মাত্র ৫২ রান। সাঈম ও নাঈমের পরে দু অঙ্কের ঘর ছোঁন কেবল একজন, অস্ট্রেলিয়ার ‘সুইপোলজিস্ট’ অ্যালেক্স রস। তিনি করেন ১৪ বলে ২১ রান।

খুলনা টাইগার্সের মোহাম্মদ নাওয়াজ ৪ ওভারে মাত্র ১৫ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও মুকিদুল ইসলাম। একটি করে উইকেট পান দাসুন শানাকা ও আফিফ হোসেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত