বিএনপির অগ্নিসন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল গভীর ষড়যন্ত্র মনে করে আওয়ামী লীগ। এধরনের কর্মসূচির নামে সহিংসতা করা হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ত্রুটিমুক্ত গণতন্ত্র কোথাও নেই। আমাদের গণতন্ত্র রাতারাতি ত্রুটিমুক্ত হবে না। বিএনপি দেশে যে অগ্নিসন্ত্রাস করেছে তা গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে। যারা নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন তারা কেউ ত্রুটিপূর্ণ নির্বাচন বলেনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটের নির্বাচিত জনপ্রতিনিধিরা আজ সংসদে যোগ দেবেন। দেশি-বিদেশি বিভিন্নমুখী ষড়যন্ত্রকে প্রতিহত করে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে। জনগণের প্রতি আজকের এদিনে কৃতজ্ঞতা জানাই।

সেতুমন্ত্রী বলেন, আজ বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত