সেলাই কাটাতে হাসপাতাল থেকে হাসপাতালে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০৩ পিএম

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে ফাঁকা স্থানে এক নারী মাটিতে শুয়ে কাতরাচ্ছিলেন। আর তার পাশে এক লোক ওই নারীর পেটের অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গায় রক্ত পরিষ্কার করছিলেন।

কথা বলে জানা যায়, তারা এই সেলাই কাটার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে দুদিন ধরে ঘুরছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এখন কি করবেন বুঝতে না পেরে এখানেই আশ্রয় নিয়েছেন।

কথা হলে তারা তাদের পরিচয় দেন স্বামী-স্ত্রী হিসেবে। দুই সন্তানের জননী ৩৫ বছর বয়সী ওই নারীর নাম তাসলিমা এবং স্বামী শাহ আলম। তাসলিমা গৃহিণী হলেও শাহ আলম অটোরিকশা চালান। বসবাস করেন মাদারীপুর সদর এলাকায়।

শাহ আলম দেশ রূপান্তরকে বলেন, তাসলিমা গত দুই বছর ধরে গলায় টিউমার জনিত ক্যানসারে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করান। সর্বশেষ তারা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আসলে তাসলিমাকে অপারেশনের কথা বলেন। গত দুদিন আগে তাসলিমার গলায় অপারেশন হয়। কিন্তু চিকিৎসকরা পেটের ভেতর দিয়ে তাসলিমার গলায় অপারেশন করেন। সেখানে একদিন থাকার পর তাদের রিলিজ দেন এবং পরামর্শ দেন স্থানীয় যে কোনো হাসপাতাল থেকে পেটের সেলাইটি কেটে নিতে। এরপর তারা মাদারীপুর গ্রামের বাড়ি ফিরে যান। 

তাসলিমার কথা বলতে কষ্ট হচ্ছিল, তারপরও তিনি কাঁপা কণ্ঠে অভিযোগ করে বলেন, পেটের যন্ত্রণা হওয়ায় তিনি মাদারীপুরে সরকারি হাসপাতালে গিয়েছেন। সেখানকার চিকিৎসক ও কর্তৃপক্ষ জানিয়েছে তাকে সেখানে সেলাই কাটা বা চিকিৎসা দিতে পারবেন না। তারা যেখান থেকে অপারেশন হয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার তিনি ও তার স্বামী আবার ঢাকায় আসেন। পরে তারা জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে যান। সেখানে কর্তৃপক্ষর প্রতিনিধিরা বলেন যে, এ রোগী তারা রাখতে পারবেন না। তাদের জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল যাওয়ার পরামর্শ দেন। এরপর তারা ওই হাসপাতালের চিকিৎসকরা তাকে কিছু পরীক্ষা দেয় এবং সিট খালি নেই বলে ফিরিয়ে দেয়। কোনো উপায় না দেখে তারা আশ্রয় নেন ওই জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে সামনে ফাঁকা স্থানে। 

আক্ষেপ করে তারা বলছিলেন, এই সেলাই কাটার জন্য তারা হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। গরিব হওয়ায় তাদের এই ইট কাঠের শহরে কোনো দাম নেই। এদিকে তাদের ঢাকায় কোনো আত্মীয়-স্বজনও নেই। তারা এখন কি করবেন বুঝতে পারছেন না। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত