আন্দোলন কত প্রকার ও কি কি দেখিয়ে দেওয়া হবে: ফারুক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১২ পিএম

আন্দোলনের মাধ্যমে ‘ভোটবিহীন’ সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

আজ বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি সরকারের দমনপীড়নের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, আপনারা গণতন্ত্রকে হত্যা করেছেন, আপনারা ৭ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করেছেন। নির্বাচনের আগেও অনেক হুমকি-ধমকি দিয়েছিলেন, এখনো আবার হুমকি দিচ্ছেন। আন্দোলনে দাবি যতদিন না প্রতিষ্ঠা হবে, যতদিন না বাংলাদেশে আমার ভোট আমি দেব ততদিন পর্যন্ত এই সংগ্রাম বিএনপিসহ সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল-জুলুম দিয়ে, মামলা দিয়ে বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ আন্দোলন কত প্রকার কি কি তা এই ভোটবিহীন সরকারকে দেখিয়ে দেওয়া হবে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ওবায়দুর কাদের সাহেব, পররাষ্ট্রমন্ত্রী টিআইবিকে বলেছেন বিএনপির দালাল। আমার মনে হয়, দুইদিন পর সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাককে দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু। আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদের মনে করেন স্বাধীনতার স্বপক্ষের লোক।

কারাগারে নির্যাতনের চিত্র তুলে ধরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বর্তমানে কারাগারে ধারণ ক্ষমতা ৪১ হাজার। কিন্তু কারাগারে বন্দির সংখ্যা লক্ষাধিকের বেশি। আমাদের একজন ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধুমাত্র ছাত্র ঐক্যের মিটিং করার কারণে তাকে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। এভাবে বিরোধী দলের নেতাকর্মী যারা রাজপথ সংগঠিত করতে পারে, নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারে, বেছে বেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করা হচ্ছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদে তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কৃষক দলের ভিপি ইবরাহিম, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত