ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে যা বললেন জি এম কাদের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ পিএম

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরসহ নবনির্বাচিত ১১ সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার তারা আকাশপথে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর যান। 

এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব দেন জি এম কাদের। তিনি বলেন, ‘আমি কোনো অসাংবিধানিক বক্তব্য দিইনি। বিরোধী দল হিসেবে সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে স্পিকারের কাছে কী কী প্রত্যাশা, সেটা জানিয়েছি এবং যুক্তিও দিয়েছি। এটা অনেকে রেওয়াজ বলেছেন। আসলে রেওয়াজ মানুষ তৈরি করে, আবার রেওয়াজ মানুষই ভাঙে।’

বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, এখানে প্রায় ২১ শতাংশ স্বতন্ত্র, ৭৫ শতাংশ সরকার দলীয় আর মাত্র চার শতাংশ বিরোধীরা; এই সংসদ কতটুকু ফাংশনাল হবে?

এর আগে ওবায়দুল কাদের গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের বলেন,  'ফাংশনাল না হলে উনি কেন এলেন? কথা তো যা বলার উনি একাই বললেন। গতকাল কিন্তু আর কেউ; দেশের প্রধানমন্ত্রীও কথা বলেননি, শুধু আনুষ্ঠানিকতা—আমি শুধু প্রস্তাব (স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব) করেছি'।

প্রসঙ্গত, প্রথম অধিবেশনেই জাতীয় সংসদে বিরোধী দলের নেতা জি এম কাদের বলেছিলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ কখনো নিখুঁতভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে না, এমন আশঙ্কা অবাস্তব নয়। এই সংসদ জাতিকে কতটুকু প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে, তা নিয়ে সংশয় আছে'।

 মানুষের জীবিকা নির্বাহ করা নাগালের বাইরে চলে গেছে জানিয়ে বৃহস্পতিবার জি এম কাদের সাংবাদিকদের বলেন, আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারছি, দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং কোনো ব্যবস্থাই কাজ করছে না। সাধারণ মানুষের আয় কমে গেছে। মানুষের জীবিকা নির্বাহ করা নাগালের বাইরে চলে গেছে।

দেশের সার্বিক অবস্থা প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা বলেন, এখন এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা চোখে পড়ছে না। তবে ভেতরে-ভেতরে একটা অস্থিরতা তো নিশ্চয়ই আছে।নির্বাচনের প্রথম দিন থেকে আমি এটা সব সময় বলে আসছি, এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত