নীলফামারীতে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় বাবা আশিকুর হক বাবু মোল্লাকে (৪২) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোয়ানি বন্দর বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশের ধারণা, দুই সন্তান ও মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি। নিহতরা হলেন, তহুরা বেগম (৩৫), দুই শিশু কন্যা আয়শা তানিয়া (৮) ও জারিন (৫)।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় আশিকুর হক বাবু মোল্লাকে এলাকাবাসী দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনাস্থলে পুলিশ, সিআইডি, ডিবির ফরেনসিক দল আলামত সংগ্রহ করছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, সদর থানার ওসি তানভিরুল ইসলাম। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।
