ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৩৬ রানের ব্যবধানে হেরে কাছাকাছি গিয়েও শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৯ রানের জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ৬ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইভা। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণাও থিতু হতে পারেননি। বরং বেশ কিছু ডট খেলেছেন। ১১ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তিনে নেমে হাবিবা ইসলাম পিংকিও দ্রুত সাজঘরে ফেরেন। ৭ বলে করেছেন ৮ রান। চারে ব্যাটিং করতে এসে আক্রমণাত্মক শুরু করেছিলেন সুমাইয়া আক্তার। তবে ৬ বলে ১০ রান করে কাটা পড়েন তিনি।
২৩ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রাবেয়া ও উন্নতি আক্তার। আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা রাবেয়া এদিনও দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেছেন ৩১ রান। রাবেয়া ফেরার পর আর বলার মতো কোনো রান করতে পারেননি কেউই। ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে।
