বাংলাদেশ নিয়ে মিলার

উদ্বেগ জানালেও সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশের মানে এটা নয় যে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব নেই। গত বৃহস্পতিবার দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা বলেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক ম্যাথু মিলারের কাছে জানতে চান, সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বড় পরিসরে কীভাবে কাজ করা সম্ভব?

জবাবে ম্যাথু মিলার বলেন, সারা বিশ্বেই যুক্তরাষ্ট্রের এ ধরনের সম্পর্ক আছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি। আমরা বাংলাদেশে দমনপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। যেসব জায়গায় আমাদের উদ্বেগ আছে এবং যেসব ক্ষেত্রে আমরা বিশ্বাস করি, উভয়ক্ষেত্রেই আমরা অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করতে পারি।’

গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২২৩ আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। ভারত চীন রাশিয়ার মতো দেশ সরকার প্রধান শেখ হাসিনাকে অভিনন্দন জানালেও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে গত দুবছর ধরেই সোচ্চার ছিল দেশটি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে চাপ দেওয়ার অংশ হিসেবে ভিসানীতির পর শ্রমনীতিও ঘোষণা করে। তবে নির্বাচনের পর দেশটি বলেছে তারা বাণিজ্যসহ নানা বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত