জাতিসংঘ ডামি নির্বাচনকে স্বীকৃতি দেয়নি: জামায়াত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সরকার নানা কূটকৌশলে গত ৭ জানুয়ারি এক অদ্ভূত ডামি নির্বাচন করে জনগণের ম্যান্ডেট ছাড়া আবারো ক্ষমতা দখল করেছে। জনগণ সরকারের ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ ও গণতান্ত্রিক বিশ্ব সরকারের ডামি নির্বাচনকে এখনো স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্ব থেকে একঘরে হওয়ার উপক্রম হয়েছে।’

আজ শনিবার জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বলেন, ‘সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশবাসীর প্রত্যাশা কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে সরকার শুভ বুদ্ধির পরিচয় দেবে।’

তিনি বলেন, ‘ইসলাম বিদ্বেষী সরকার নাগরিকদের ইসলাম থেকে দূরে রাখতে দেশের শিক্ষাব্যবস্থায় নাস্তিকতার অনুপ্রবেশ ঘটিয়েছে। ট্রান্সজেন্ডারদের প্রমোট করা হচ্ছে। যৌনতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। বিজাতীয় শিক্ষা-সংস্কৃতি, কৃষ্টি-কালচার আমদানি করে দেশের সমাজ ব্যবস্থাকে কলুষিত করা হচ্ছে। ধ্বংস করা হচ্ছে যুব সমাজের চরিত্র। দেশের অভিভাবক সমাজ ও বাবা-মা সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা সন্তানদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন। সচেতন দেশবাসীকে সরকারের জাতিসত্তা বিনষ্টের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত