দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জনগণকে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
দলটি আগামী শনিবার (২১ নভেম্বর) ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় অগ্রাহ্য করায় দেশে এই সংকট সৃষ্টি হয়েছে। মানুষের রায় উপেক্ষা করায় জনগণ সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।
আওয়ামী লীগকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি, বিভিন্ন স্থানে হামলা ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে একটি গণতান্ত্রিক দেশ অন্যায় করেছে। আবার তাকে সামরিক বিমান দিয়ে আনা হবে, নাকি সীমান্ত দিয়ে কিংবা বিমানবন্দর দিয়ে আনা হবে—তা নিয়েও পরস্পরবিরোধী কথা বলা হচ্ছে। তাদের কথারই ঠিক নেই।
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়িতে হামলা হয়েছে, সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও পিরোজপুরে যা ঘটছে, তাতে মনে হয় না সেখানে কোনো রাষ্ট্র আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি তাঁর বক্তব্যের সঙ্গে মিলছে না।
তিনি বলেন, সরকারের অঙ্গপ্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করছে না। এ পরিস্থিতিতে রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যার যার অবস্থান থেকে সবাইকে মাঠে নামতে হবে। বিশৃঙ্খলা ঠেকাতে জামায়াতও প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।