অভিযুক্তদের পুলিশের ভ্যানে চাপিয়ে আদালতে নিয়ে যাচ্ছিলেন অফিসাররা। কিন্তু মাঝ রাস্তায় জ্বালানি শেষ হয়ে যায় গাড়িটির। অগত্যা অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার কাজে লাগানো হলো। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কাছারি চক এলাকায়। মদ্যপান করার অভিযোগে গত রবিবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিহারের মদ নিষিদ্ধ থাকায় অভিযুক্তদের ধরে থানায় নেওয়া হয়। তারপরপুলিশের ভ্যানে আদালতে নেওয়া হচ্ছিল। কিন্তু কাছারি চকের কাছে হঠাৎ পুলিশের গাড়িটি থেমে যায়। চালক দেখেন, গাড়ির ট্যাংকে এক ফোঁটা জ্বালানিও নেই।
কীভাবে অভিযুক্তদের আদালতে নেওয়া হবে তাই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পুলিশ সদস্যদের। এরপরই অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৫০০ মিটার এ ভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় তাদের।
ভিডিওতে দেখা গেছে, অভিযুক্তদের কোমরে দড়ি বাঁধা। তারা পিছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটি নিয়ে যাচ্ছেন। আর তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেজন্য কড়া নজর রেখেছেন একজন পুলিশ অফিসার।
এদিকে এভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তারা বলছেন, এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানাচ্ছেন। খবর ইন্ডিয়া টুডের।
বোরকা পরে নিজের বাড়িতে চুরি করলেন তরুণী